
দেশের উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও বিশ্বমানের করে গড়ে তুলতে পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে ভবিষ্যতের বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনের দিকে বেশি মনোযোগ দিতে হবে।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আয়োজিত “বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর” শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারকরা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও উদ্ভাবনের যুগে কেবল মুখস্থনির্ভর শিক্ষা দিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব নয়। আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা শুধু চাকরি খোঁজে না, বরং কর্মসংস্থান সৃষ্টি করতেও সক্ষম হয়।”
তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকদের গবেষণার সুযোগ বাড়ানো, ল্যাব সুবিধার উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেন বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে নজর দিতে হবে।”
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম।