জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ফানাম নিউজ
  ৩১ জুলাই ২০২৬, ০০:৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের সেনাবাহিনী। বৃহস্পতিবারের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে আম্মান।

পরবর্তীতে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলার বিষয়টি স্বীকার করে বলেছে, সেখানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

জর্ডান সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘‘বৃহস্পতিবার ভোরের দিকে ইরান থেকে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শনাক্ত করা হয়। পরবর্তীতে আমাদের নির্ধারিত প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করা হয়েছে।’’

অন্যদিকে এক বিবৃতিতে ইরানের আইআরজিসি বলেছে, ‘‘যুক্তরাষ্ট্র আপনার দেশের (জর্ডান) দখলকৃত সামরিক ঘাঁটি ব্যবহার করে কেশম দ্বীপে দুটি সাধারণ বসতবাড়িতে বাঙ্কার-বাস্টার বোমা ফেলে বিমান হামলা চালিয়েছে। মার্কিন ওই বিমান হামলায় এক দম্পতি ও তাদের এক সন্তান নিহত এবং আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে।’’

কয়েক দিনের সাময়িক বিরতির পর বুধবার রাতে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। জর্ডানে মার্কিন বাহিনীর ওপর আগের হামলার জবাবে এবার ইরানে ‘ভারী’ বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

নতুন করে দুই দেশের মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল। পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা বৃহস্পতিবার বলেছেন, উত্তেজনা কমানোর আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: এএফপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়