
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সার্জিও গর বলেন, চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছেন। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের বিষয়ে সম্মত হয়েছে। এর ফলে বাংলাদেশের আগের ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের কথাও তুলে ধরেন সার্জিও গর। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বৃদ্ধি এবং মার্কিন অর্থনীতি পুনরুজ্জীবিত করতে তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, বাংলাদেশ এর আগে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছিল। নতুন এই ক্রয়াদেশ বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে আরও বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে পারে।