সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

ফানাম নিউজ
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে বর্তমান সরকার। দেশে কোনো সমস্যা নেই—এমন দাবি সরকার কখনো করেনি। তবে বিদ্যমান সমস্যাগুলোকে কেন্দ্র করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, এসব বিভ্রান্তির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে গণতান্ত্রিক ধারা ও নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা মোকাবিলার জন্য দেশের প্রচলিত আইন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।

দেশের বিভিন্ন সংকটের সময় বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলায় কাজ করেছে এবং ধীরে ধীরে দেশকে সংকট থেকে বের করে এনেছে।

বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগা শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত আলোচনা সভাটি বিকেল পৌনে ৪টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়