রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

ফানাম নিউজ
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪

রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার ও মগবাজারে এসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাতে কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটেছে। পরে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সামনের সড়কেও জোড়া হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

রাত ১১টার দিকে রামপুরার বিটিভির সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিটিভির সামনের বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাটি হাতিরঝিল থানার আওতাধীন।

এর আগে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন কীভাবে লেগেছে বা এতে দুর্বৃত্তদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এর আগে রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে একটি মাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর জানান, প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার এসআই মো. তারেক বলেন, কেউ ওপর থেকে ককটেল নিচে ফেলেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।

দিনের শুরুতে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ এবং রাতে বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ ঘটনাস্থলগুলোতে তদন্ত করছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়