
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ।
তিনি আরও বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।