
রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের দাম কেজিপ্রতি ২০০ টাকার ওপরে। গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অন্তত ৮০০ টাকা। ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। বিশেষ করে ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে।
এদিকে, গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা দরে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়েরবাজার ঘুরে মাছ, মুরগি ও ডিমের দামের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩০ টাকা দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছের দাম শুরু ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে অন্তত ৫০০ টাকা কেজি।
এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল মাছ ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য থাকে। গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব একটা কমেনি, আবার বাড়েওনি। দাম বাড়লে তাঁদেরও সমস্যা হয়, কারণ বেশি পুঁজি বিনিয়োগ করতে হয়।
দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে। বাইন মাছের দাম ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা। দেশি শিং মাছের কেজি ১ হাজার টাকা। আর সাগরের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, ‘আজকে শোল মাছ কিনেছি ৬০০ টাকা কেজি। দাম আগের মতোই আছে। পাঙ্গাসও কিনেছি ২৭০ টাকা। ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম।’
মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। আর সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা।
অন্যদিকে, গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রায়েরবাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
মাংস বিক্রেতা মো. লিটন বলেন, ‘মাংসের দাম আগের মতোই আছে। দাম বাড়েনি, আবার কমেনিও।’