বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের নতুন সূচনা করবে: তারেক রহমান

ফানাম নিউজ
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮

বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের নতুন সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে দশটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন, এইমাত্র বহুল কাঙ্ক্ষিত আমার ভোট আমি প্রয়োগ করে এসেছি। বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান জানান, সারা দেশের পরিস্থিতি সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ খবর তিনি পাননি। তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ পাওয়া গেছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব পরিস্থিতি কঠোরভাবে দমন করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের অধিকার প্রয়োগ করলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে।

ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে, তাই শেষ পরিস্থিতি সম্পর্কে এখনই মন্তব্য করা সম্ভব নয়। তবে আমি দৃঢ়ভাবে আশাবাদী যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

অন্য এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে। জনগণ যেন নিরাপদ বোধ করে, সেটিই হবে প্রধান লক্ষ্য।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের পেছনে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। বিএনপি সরকার গঠন করলে নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রথম দিন থেকেই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়