
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপ ড. মির্জা গালিব।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুকে দেয়া এক পোস্টে সরকার ও বিরোধী দলের কার্যক্রমের চরম সমালোচনা করেন তিনি। বিশেষ করে ধর্ষণের বিচার চাওয়ার ‘অপরাধে’ কিশোরীকে অপহরণ ও হত্যার ঘটনায় সরকার এবং বিরোধী দলের উদাসীনতার সমালোচনা করেন ড. মির্জা গালিব।
পোস্টে তিনি উল্লেখ করেন, আমাদের প্রধানমন্ত্রী সকাল আটটার আগে অফিস করতে চলে আসেন, প্রধান বিরোধী দলীয় নেতা রাস্তা পরিষ্কার করতে নিজের হাতে ঝাড়ু দেন, আইজিপি মধ্যরাতে নিজেই টহল দিতে চলে যান; আর এই সময়ে ধর্ষণের বিচার চাওয়ার ‘অপরাধে’ কিশোরীকে অপহরণ করে হত্যা করে লাশ ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা।
ড. মির্জা গালিব মাননীয় নেতাদের উদ্দেশে লিখেছেন, আপনারা এই সব নাটক বাদ দিন। কাজ শুরু করুন। মানুষের নিরাপত্তা ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য জুলাইয়ে তরুণ-তরুণীরা রক্ত দেয় নাই।
তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা, সরকারের কার্যক্রম এবং নাগরিকদের নিরাপত্তার প্রতি সরকারের দৃষ্টি আরও জোরদার করার আহ্বান জানান।