ক্ষমতায় আসছেন ভেবে দম্ভ নয়, মানুষের সেবা করুন: মির্জা ফখরুল

ফানাম নিউজ
  ০৩ আগস্ট ২০২৬, ০৩:১৫

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ক্ষমতায় আসছেন— এমন ভাব নিয়ে কাউকে ভয় দেখানো বা প্রভাব খাটানোর চেষ্টা করা যাবে না। মানুষের ভালোবাসা অর্জন করতে হলে বিনয়ী হতে হবে এবং সেবার মাধ্যমে আস্থা অর্জন করতে হবে।

রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে। সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, কারও কাছ থেকে জোর করে কিছু নেবেন না। দাম্ভিকতা ও সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না। মানুষের পাশে দাঁড়ান, বিপদে সাহায্য করুন এবং বিনয়ী থাকুন।”

ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ধর্ম মানুষের অত্যন্ত সংবেদনশীল বিষয়। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। রাজনীতি সবাই করতে পারে, কিন্তু ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে মানুষ বিভ্রান্ত হয়।

তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার সমান অধিকার রয়েছে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের কল্যাণ নিশ্চিত হবে।”

ঠাকুরগাঁওয়ের উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, সম্মিলিতভাবে চেষ্টা করলে জেলাটিকে দারিদ্র্যমুক্ত করা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি আরও বলেন, “আমরা ১৫ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। অনেক নেতাকর্মী মামলা, কারাভোগ ও হয়রানির শিকার হয়েছেন। আল্লাহ এখন সুদিন ফিরিয়ে দিয়েছেন।”

স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক সংকট ও সেবার মান উন্নয়নে কাজ চলছে। ভবিষ্যতে আরও চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং একটি ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য রংপুরে যেতে না হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা চেয়ারম্যান বা সদস্য প্রার্থী হতে চান, তারা যেন মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করেন। মানুষের সেবা করলে জনগণই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হিন্দু ভাই-বোনেরাও আমাদের সমর্থন দিয়েছেন। তাদেরও ভালোবাসতে হবে, তাদের জন্যও সমানভাবে কাজ করতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়