সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ফানাম নিউজ
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭

আগামী সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি একটি বৈশ্বিক সংকট। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার বসে নেই; সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

গ্যাস সরবরাহের বিষয়ে তিনি বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।’

সরকার ও বিএনপি একে অপরের সহযোগী হিসেবে কাজ করছে উল্লেখ করে রিজভী বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দেশের চলমান সংকটগুলো দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়