বিসিবির নতুন টুর্নামেন্টের নিলাম পরিচালনায় আইপিএলখ্যাত চারু শর্মা

ফানাম নিউজ
  ২৪ অক্টোবর ২০২৬, ২২:৫০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণ মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। এতে নাম উঠবে ২৬৯ ক্রিকেটারের। নিলাম পরিচালনার দায়িত্বে থাকছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরিচিত মুখ চারু শর্মা।

বিসিবির আমন্ত্রণে নিলাম পরিচালনা করতে ভারত থেকে বাংলাদেশে আসছেন চারু শর্মা। আইপিএলের একাধিক আসরে নিলাম পরিচালনা করে ক্রিকেটবিশ্বে পরিচিতি পেয়েছেন তিনি।

বিসিবির নতুন এই ঘরোয়া টুর্নামেন্টের নিলামে থাকছে ভিন্নধর্মী আয়োজন। সাধারণত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্রিকেটারদের দলে নিতে অর্থ ব্যয় করে দলগুলো। তবে ডি থ্রি টুর্নামেন্টের নিলামে ক্রিকেটারদের দলে নেওয়ার লড়াই হবে পয়েন্টের মাধ্যমে, টাকার বিনিময়ে নয়।

ডিসেম্বরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবারের নিলামের মধ্য দিয়ে দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠনের সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়