চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফানাম নিউজ
  ২৫ আগস্ট ২০২৬, ০৩:২৮

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সালমা আদিল ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাঁশখালী টাইমসের ব্যবস্থাপনায় গত ২২ আগস্ট বিকেলে উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যাদুর্গত শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ ও গাইড বই তুলে দেওয়া হয়।

প্রভাষক জাহেদুল ইসলাম টুকুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, কবি আরকানুল ইসলাম, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন ও আকিবুল হক, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মিজান বিন তাহের, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে এবং বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশকাত হোছাইন, মোহাম্মদ আরিফ ও নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার শুরু থেকেই সংগঠনটি বৃহৎ পরিসরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

বক্তারা আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগের পর শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন স্কুল ব্যাগ ও গাইড বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষা উপকরণ পেয়ে অনেক শিক্ষার্থীর মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়