
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৬১ দশমিক ৮০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৭১৪ জন।
অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন।
যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন।
সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন।
এ ছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২১ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। গত ২ জুলাই থেকে শুরু হয় এ বছরের পরীক্ষা। তবে পরীক্ষায় বেশসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
ফল জানবেন যেভাবে
মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে `HSC` স্পেস দিয়ে রোল নম্বর, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।