
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রেমঘটিত বিষয় নিয়ে কথিত প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটির পর তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রিধিকার একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয় তার। একপর্যায়ে ভিডিও কলে ওই ব্যক্তিকে রেখেই রিধি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে পুলিশ জানিয়েছে, এটি এখনো প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ জানান, পরিবারের কাছ থেকে পাওয়া রিধিকার জাতীয় পরিচয়পত্রে তার নাম লীনা আক্তার। রিধিকা রিধি নামেই তিনি শোবিজে পরিচিত ছিলেন।
পুলিশ তার পরিবারের সদস্যদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। একই সঙ্গে রিধিকার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক, মৃত্যুর আগে তাদের মধ্যে কী নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল এবং ঘটনার সময়কার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন রিধি। বিভিন্ন সময় নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করতেন তিনি।
তার মৃত্যুর ঘটনায় শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে তাকিয়ে রয়েছে পুলিশ ও পরিবার।