স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফানাম নিউজ
  ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৩

স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, সেবাদাতা ও জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয়। চিকিৎসকদের যথাযথ সম্মান দিয়েই স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আয়োজিত ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী যেন চিকিৎসার অভাবে কিংবা ভুল ব্যবস্থাপনার কারণে প্রাণ না হারান, সে লক্ষ্যেই বিজ্ঞানভিত্তিক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষ করে তোলা গেলে মৃত্যুহার কমিয়ে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

তিনি জানান, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে প্রায় ৪ হাজার ৩০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর চাপের মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় আক্রান্তদের প্রায় ৯৯ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

স্বাস্থ্যকর্মীদের ভূমিকার বিষয়ে তিনি বলেন, সেবাদাতা ও জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয়। চিকিৎসকদের যথাযথ সম্মান দিয়ে স্বাস্থ্য খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রশিক্ষণের আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষক দেশের ৪০টি জেলায় একযোগে প্রায় ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দিচ্ছেন।

অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়