বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন কিয়ারা, করণের প্রশ্নে হাসির রোল

ফানাম নিউজ
  ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৩

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে নিজেদের ব্যক্তিগত জীবন, বিয়ের স্মৃতি ও রোম্যান্স নিয়ে কথা বলেছেন এই তারকা দম্পতি।

অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর আড্ডার একপর্যায়ে তাদের ডেট নাইট ও একান্ত সময় কাটানোর বিষয়েও প্রশ্ন করেন। করণের প্রশ্নে কিয়ারা আদভানির মজার জবাব মুহূর্তেই আলোচনায় এসেছে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বের প্রোমো। সেখানে সিদ্ধার্থ ও কিয়ারাকে নিজেদের দাম্পত্য জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা যায়।

আড্ডায় করণ জানতে চান, সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব বাস্তব জীবনে কিংবা বেডরুমেও থাকে কি না। জবাবে সিদ্ধার্থ বলেন, ‘আমরা কাজকে কখনো বাড়ির ভেতরে টেনে নিয়ে আসি না, আর বেডরুমে তো একেবারেই নয়।’

এরপর দম্পতির ডেট নাইট প্রসঙ্গে প্রশ্ন করেন করণ। জানতে চান, নৈশভোজের পরই কি তাদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোয়?

এ প্রশ্ন শুনে কিয়ারা নিজের বেবি বাম্পে আলতো করে হাত রেখে মজার ছলে বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তার এমন জবাবে আড্ডায় হাসির পরিবেশ তৈরি হয়।

সিদ্ধার্থ-কিয়ারা বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। অনুষ্ঠানে তাদের বিয়ের একটি মজার ঘটনাও উঠে আসে। জয়সলমীরে বিয়ের অনুষ্ঠানে শাহিদ কাপুর করণের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন। তবে নাচ শেষ হওয়ার পর করণ একপ্রকার ধাক্কা দিয়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই মজার স্মৃতিও আড্ডায় তুলে ধরেন কিয়ারা।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের নানা গল্প, মজার মুহূর্ত ও খুনসুটিতে জমে উঠেছে সিদ্ধার্থ-কিয়ারার ‘কফি উইথ করণ’ পর্বের আড্ডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়