
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে একটি ই-মেইল পেয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ই-মেইলটি পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
তিনি জানান, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের আইন সংস্থাটি থেকে ই-মেইল পাঠিয়ে তাঁর নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
তবে এই অনুরোধের সত্যতা সম্পর্কে হাইকমিশন নিশ্চিত নয় উল্লেখ করে সাইদুর রহমান বলেন, আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না।
তিনি আরও জানান, ই-মেইলটি পাওয়ার পর বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও দিল্লি হাইকমিশনের কাছ থেকে এ ধরনের ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার।