ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনো রয়ে গেছে: প্রধানমন্ত্রী

ফানাম নিউজ
  ১০ আগস্ট ২০২৬, ০৩:০৩

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের মূল নেতৃত্ব দেশ থেকে পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনো রয়ে গেছে। এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনো রয়ে গেছে, এখনো আছে।’

তিনি বলেন, সরকার গঠনের একদিন পরই রমজান শুরু হয়েছিল। রমজানে কেউ কেউ সুযোগ নিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে সরকার বিষয়টি ভালোভাবে সামাল দিতে পেরেছে।

তারেক রহমান বলেন, রমজান শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমস্যা শুরু হয়। এতে তেল-জ্বালানিসহ পুরো অর্থনীতির ওপর চাপ তৈরি হয়। এসব বিষয় দেখভাল করতে গিয়ে চট্টগ্রামে আসতে তাঁর কিছুটা দেরি হয়েছে।

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় আমরা একসঙ্গে কাজ করে দেশকে বিপদ থেকে রক্ষা করতে পেরেছি। তবে সমস্যাটা এখনো শেষ হয়ে যায়নি।’

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের মানুষের অর্থ-সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। সেই পরিস্থিতির অনেক কিছু এখনো রয়ে গেছে।

দেশে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া না হয়। দেশে স্থিতিশীলতা বজায় থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এর ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ‘বিগত দিনের মতো আমাদের এক হয়ে দেশ গঠনের কাজ করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়