
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়েছে, এবার বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হলে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে আমি বলেছি, আপনারা শুধু মামলাটা করেন। বাকিটা আমি দেখব। এরপর আপনারা তথ্য দিয়েছেন, তদন্ত হয়েছে, অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিচারও হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন করা হবে না। ধর্মপ্রাণ মুসলমানসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের অধিকার ভোগ করতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করবে।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।