সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

ফানাম নিউজ
  ২৭ আগস্ট ২০২৬, ২০:৪৫

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তা অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করাই কমিশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।

তিনি বলেন, আসন্ন বিভিন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজাসহ সামাজিক ও ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হচ্ছে। তবে চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে কমিশনের স্পষ্ট পরিকল্পনা রয়েছে।

সিইসি জানান, নভেম্বর মাসে যাতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছে ইসি। পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করা গেলে বা সময় কিছুটা সমন্বয় করা সম্ভব হলে ডিসেম্বর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা যাবে।

নির্বাচনের সময়সূচি নির্ধারণের চ্যালেঞ্জ তুলে ধরে সিইসি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও বাংলাদেশে নির্বাচনের সময়সূচি নির্ধারণের পুরো নিয়ন্ত্রণ সব সময় নির্বাচন কমিশনের হাতে থাকে না। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা থাকায় সেটিও বিবেচনায় নিতে হচ্ছে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজনগ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছে কমিশন। জবাবে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সিইসি জানান, রাষ্ট্রপতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্তরিকভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন।

বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন এখন পুরোপুরি প্রস্তুত। এ দুটি নির্বাচনকে সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি।

তিনি আরও জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রকিউরমেন্ট বা কেনাকাটার কাজও শেষ করেছে কমিশন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল প্রসঙ্গে সিইসি বলেন, কমিশনের প্রশাসনিক প্রস্তুতি শেষ হলেও পরীক্ষা, জাতীয় উৎসব ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সব পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই নির্বাচনের সঠিক তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়