ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

ফানাম নিউজ
  ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা কোনো সাধারণ চাপ সৃষ্টির ঘটনা নয়, বরং এটি আওয়ামী সন্ত্রাস। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ড. ইউনূসের অপরাধ হিসেবে দেখানো হচ্ছে, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর তিনি কেন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন। শুধু ড. ইউনূস নন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত একটি দলের পক্ষ থেকে এখন পর্যন্ত অনুতাপের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং দলটি বিভিন্ন সংকট তৈরি ও সহিংসতায় উসকানি দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, পুনর্মিলনের ন্যূনতম সম্ভাবনা থাকলে আওয়ামী লীগের পক্ষ থেকেই অনুতাপ ও ক্ষমা চাওয়ার উদ্যোগ আসা উচিত ছিল। কিন্তু গত দুই বছরে দলটির আচরণে তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। বরং হুমকি ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা চলছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেই তাঁকে ফেরত চায় বাংলাদেশ।

বিমানবন্দরে কী ঘটেছিল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. মুহাম্মদ ইউনূসের দিকে কয়েকজন এগিয়ে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন। পরে সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

তথ্য উপদেষ্টা এ ঘটনাকে আওয়ামী সন্ত্রাসীদের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়