
সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। তিনি বলেন, পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার কারণে এ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে বলে তিনি আশাবাদী।
পূজাকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি সবাইকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।
মো. আলী হোসেন ফকির বলেন, ‘আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই।’ সব অপশক্তি নির্মূল করে সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
পুলিশের অতীত পরিস্থিতি তুলে ধরে আইজিপি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। তখন মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধ ঘটে। জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সব অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারবেন।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, পূজামণ্ডপগুলোতে পুলিশের নিরাপত্তাব্যবস্থা থাকায় নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করা সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।