কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, পরিচয় মিলেছে ৬ জনের

ফানাম নিউজ
  ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ছয়জনের নামপরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়।

শনাক্ত হওয়া নিহতরা হলেন রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিজ তেহামী (জেরিফ) (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ।

নিহতদের কয়েকজনের স্বজন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে তাঁর পাঁচ কাজিন ও পাঁচ বছর বয়সী ভাগনি রয়েছে। এ ছাড়া তাঁর মামা মাসুদ ও মামী মেহেরুন্নেসা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহাদ সরকার জানান, প্রথমে অগ্নিকাণ্ডে পরিবারের ছয় সদস্যের মৃত্যুর খবর পান তিনি। পরে আরও একজনের মৃত্যুর খবর আসে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান তিনি।

শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

উপাচার্য নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করে দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

শোকবার্তায় উপাচার্য আরও বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে রিসোর্টে অগ্নিকাণ্ডে নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এক শোকবার্তায় সাদিক কায়েম বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এ ঘটনায় গভীরভাবে শোকাহত।

তিনি আরও জানান, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন। আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

হাসপাতালে দগ্ধ ছয়জন

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। তাঁরা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

সকাল সাড়ে ৭টায় আগুন

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন উখিয়ার পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়