খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফানাম নিউজ
  ২১ অক্টোবর ২০২৬, ২০:৪৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সফরকালে তিনি সুন্দরবন আকাশপথে পরিদর্শন, মোংলা বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) এলাকা পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকার তেজগাঁও থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা আকাশপথে পরিদর্শন করবেন তিনি।

পরে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক ও নৌপথে বাগেরহাটের মোংলায় যাবেন।

দুপুরের পর মোংলায় একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ১টা ৪৫ মিনিটে সভায় যোগ দেওয়ার পর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখবেন তিনি।

সফর শেষে বিকেল ৪টায় মোংলা থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়