আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

ফানাম নিউজ
  ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৬

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। গত ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, একজন মানুষ অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে অংশ নিতে পারেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে স্পিকার বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। তাই এখন নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার আরও বলেন, এ জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে। ভোলার গ্যাসের মজুতের পরিমাণ দেশের বর্তমান গ্যাসের মজুতের সমপর্যায়ে বলে মনে হচ্ছে। জেলায় আরও গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে ভোলাবাসী এ নিয়ে কষ্ট করছেন। গ্যাস পাওয়া তাঁদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়