
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে যান তিনি।
এ সময় প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন।
প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি প্রদর্শনীর কার্যক্রম, পরিবেশবান্ধব পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শিত পণ্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের বিষয়েও তাঁকে জানানো হয়।