
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের কয়েকজন রাজনৈতিক নেতা। একই সময়ে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনের পথ পরিদর্শনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষ নেতার পেট্রাপোল-বেনাপোল সীমান্তে যাওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এসব ঘটনাকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা যায়। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও মহড়া চালানোর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।
ভারতের কলকাতাভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে খবর প্রকাশের পর বেনাপোল সীমান্ত ঘিরে আলোচনা শুরু হয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার নেতা। তারা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।
তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা-সাতক্ষীরা, মালদহের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্ত চেকপোস্টের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।
সমাবেশে স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে দেশে ফিরে আসার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও।
দুপুর ২টার দিকে পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বেনাপোল সীমান্তে বিজিবির তৎপরতা আরও দৃশ্যমান হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি টহল দিতে দেখা যায় বিজিবি সদস্যদের।
এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে যাতায়াত বন্ধ রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।