সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা

ফানাম নিউজ
  ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িতে থাকা তাঁর বাবা-মা অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম।

ফেসবুক পোস্টে তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন দিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়। এ সময় তাঁর বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন।

সাদিক কায়েমের অভিযোগ, বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়।

এ ঘটনায় বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তাঁর ভাষ্য, হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে জুলাইপন্থি ছাত্র-জনতার আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস ও রাতের আঁধারে হামলার মতো কর্মকাণ্ড তাঁদের আন্দোলনকে আরও দৃঢ় করবে।

এ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না বলেও ফেসবুক পোস্টে মন্তব্য করেন ডাকসুর এই ভিপি।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য বা কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়