বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে: জামায়াত আমির

ফানাম নিউজ
  ২৬ অক্টোবর ২০২৬, ০০:৩৫

নির্বাচনের সময় বিএনপি আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতারাও বিএনপিকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়ার দাবি করেছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, নির্বাচনের সময় বিএনপি নানা কথা বলে আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছে। শেখ হাসিনা বলেছেন, হাতেপায়ে ধরে ভোট নেওয়া হয়েছে, এখন বেইমানি করা হচ্ছে কেন। আওয়ামী লীগের আরেক নেতাও দাবি করেছেন, অন্তত ৯৫টি আসনে বিএনপিকে ভোট দিয়ে জিতিয়েছে তাঁদের দল।

জামায়াতের আমির অভিযোগ করেন, বিএনপি নতুন নতুন বয়ান তৈরি করে জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে হাত মেলানোর অভিযোগ করছে। অথচ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকে সমাজের গুরুত্বপূর্ণ জায়গা এবং বিএনপির গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, সীমান্তের ওপার থেকে টাকা আসা, অস্ত্র ও মাদক প্রবেশ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে না পারলে সরকারের দেশ পরিচালনার সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।

**‘চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ’**

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।

পঞ্চগড়ে চারটি লাউ এক টাকায় বিক্রির খবরের উদাহরণ দিয়ে তিনি বলেন, উৎপাদকেরা ন্যায্য দাম পাচ্ছেন না। অথচ রাজধানীতে একটি লাউ কিনতেই ৪০ থেকে ৬০ টাকা খরচ করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির আরও অভিযোগ করেন, চাঁদাবাজি ও দখলদারি বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের ঘটনায় শুধু পদত্যাগ করালেই দায়িত্ব শেষ হয় না; দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

সরকারের সমালোচনা, পদত্যাগের আহ্বান

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সরকারের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয় লোক নিয়োগ এবং জনগণের ওপর করের বোঝা চাপানোর বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন জামায়াতের আমির। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি সরকারকে দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তা না হলে সরকারকে সরে দাঁড়ানোর কথাও বলেন তিনি।

**জনগণের অধিকারের দাবিতে আন্দোলন**

শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোট কোনো দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামেনি; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মসূচি পালন করছে। এসব দাবি বাস্তবায়নে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, তাঁরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করেন, বিশৃঙ্খলায় নয়। কেউ যেন তাঁদের ওপর বিশৃঙ্খলা চাপিয়ে দেওয়ার চেষ্টা না করেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, জনগণ পরিবর্তন ও সংস্কার চায়। অতীতের রাজনীতির পরিবর্তে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রত্যাশা রয়েছে মানুষের মধ্যে।

তিনি আরও বলেন, জনগণের অধিকারের পক্ষে আন্দোলন চালিয়ে যেতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অপশক্তির কাছে মাথা নত করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়