পরীমনির বদলে চট্টগ্রামের অনুষ্ঠানে ডাক পেতে পারেন অপু বিশ্বাস বা বুবলী

ফানাম নিউজ
  ০৮ নভেম্বর ২০২৬, ০০:৫৬

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। তার পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা শবনম বুবলীকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

তিনি বলেন, ঢাকার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ইতিমধ্যে পরীমনিকে বিষয়টি জানানো হয়েছে। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

খালেদ সুমন আরও বলেন, অনুষ্ঠানে অনেক শিল্পী অংশ নেবেন। পরীমনির পরিবর্তে অপু বিশ্বাস কিংবা বুবলী আসতে পারেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

এক জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজার পরামর্শ দেন। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডা হয়। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়