ইরানে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ফানাম নিউজ
  ০৪ মার্চ ২০২৬, ১১:০১

ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে অভিযান শুরুর পর থেকে এই হামলা চালিয়েছে তারা। অভিযানে ১৭ ইরানি নৌযান ধ্বংসের পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বল করার দাবিও করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত শনিবার শুরু হওয়া অভিযানের পর থেকে ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে একটি সাবমেরিনস ১৭টি ইরানি নৌযান ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০টি যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। তিনি জানান, আরও সামরিক সক্ষমতা এতে যোগ হওয়ার পথে রয়েছে।

কুপার বলেন, এটি এক প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। তার দাবি, ২০০৩ সালে ইরাক আক্রমণের শুরুর দিকে চালানো ‘শক অ্যান্ড অ’ অভিযানের তুলনায় এবার ইরানে প্রায় দ্বিগুণ হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুতরভাবে দুর্বল করা হয়েছে এবং দেশটির শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযন্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির মাশহাদ শহরে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর।

৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানায়নি ফার্স নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়