জ্বালানি সংকটে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফানাম নিউজ
  ১৭ এপ্রিল ২০২৬, ০২:০০

জ্বালানি সংকট মোকাবিলায় সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার দেশকে স্বাভাবিক রাখতে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে তেল-ডিজেলের দাম বাড়লেও জনদুর্ভোগ বিবেচনায় সরকার তা না বাড়িয়ে প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে রাষ্ট্রীয় আয়োজন ও পারিবারিক পর্যায়েও অমিতব্যয়িতা পরিহারের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাধীনতা ও জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (মরণোত্তর)সহ ১৫ ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন।

‘সরকারের অগ্রাধিকার’ শীর্ষক বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দেন তিনি।

নারী নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত না করতে পারলে কোনো উন্নয়ন উদ্যোগ সফল হবে না।

‘জুলাই সনদ বাস্তবায়ন করবই’ উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে এবং তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য ও বিচারপতিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়