বিদ্রোহী নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত ২৯ শিশু

ফানাম নিউজ
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ শিশু নিহত হয়েছে। আগুনে দুটি স্কুলসহ প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আফ্রিকান কন্টিনেন্টাল ফোর্সেস/এএফসি-এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা নিহতের বিষয়টি জানান। তিনি বলেন, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি স্কুল এবং আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ে। জাতিসংঘ পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগুনের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে এএফপিকে বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। অনেকে একে অন্যের ওপর পড়ে যান এবং কেউ কেউ বের হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। এতে কয়েকজন পদদলিত হয়ে মারা যান এবং অনেকে জ্ঞান হারান।

দক্ষিণ কিভু প্রদেশের উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে রয়টার্সকে বলেন, আগুনে দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে।

এএফসি-এম২৩ মুখপাত্র লরেন্স কানিউকা জানান, আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গুরুতর আহত ১৭ জন কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজন বুকাভু প্রাদেশিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় একটি ক্লিনিকের নার্স ক্রিস্টোফ জিগাশানে এএফপিকে জানান, তাঁদের চিকিৎসাকেন্দ্রে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে আনা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিলেন। অধিকাংশের অবস্থা ছিল গুরুতর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন তাঁরা। কয়েকজন ঘটনাস্থলেই মারা যান, অন্যরা হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আল-জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে আগুনে বেশ কয়েকটি বাড়ি পুড়তে দেখা গেছে। পরে আগুনের শিখা ছড়িয়ে পড়ে পাশের দুটি স্কুলেও।

ডিআর কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু শহরটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। খনিজ সম্পদে সমৃদ্ধ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলের লক্ষ্যে গোষ্ঠীটি অভিযান জোরদার করার পর শহরটির নিয়ন্ত্রণ নেয়।

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বুকাভুতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৬ সেপ্টেম্বরের একটি অগ্নিকাণ্ডে ৪৫টির বেশি বাড়ি পুড়ে যায়।

এএফসি/এম২৩ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। পাশাপাশি তদন্ত চলাকালে সবাইকে শান্ত থাকা, পারস্পরিক সহযোগিতা ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স ও এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়