সৌদিতে সামরিক সহায়তা পাঠাতে মিসরকে পার্লামেন্টের অনুমতি

ফানাম নিউজ
  ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১

হুথি গোষ্ঠীর হামলায় জর্জরিত সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্ট অনুমোদন দিয়েছে। এ অনুমোদনের ফলে সৌদি আরবের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলো রক্ষায় দেশটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।

সম্প্রতি মিসরের পার্লামেন্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন চেয়ে পার্লামেন্টে লিখিত অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট সিসি। পরে বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হলে অধিকাংশ আইনপ্রণেতা এর পক্ষে ভোট দেন।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবকে সহায়তার এ অনুরোধ জানানো হয়। প্রস্তাবিত সহায়তার মধ্যে সেনা মোতায়েনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার পার্লামেন্টে বিলটি নিয়ে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার আলোচনা শেষে ভোটাভুটি হয়।

পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়েছে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদনটি পাস হয়েছে। এর ফলে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন প্রেসিডেন্ট সিসি।

বিবৃতিতে আরও বলা হয়, আইনপ্রণেতারা আঞ্চলিক পরিস্থিতি এবং মিসর ও আরব জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বতন্ত্র আইনপ্রণেতারা অংশ নেন।

পার্লামেন্টের এ অনুমোদন গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মিসরের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের সভার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে হুথি হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে মিসর কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে পার্লামেন্টের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। মিসরীয় সেনা মোতায়েনের বিষয়টিও স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে প্রেসিডেন্ট সিসির অনুরোধের পর পার্লামেন্ট স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে তৃতীয় রুদ্ধদ্বার অধিবেশনে আইনপ্রণেতারা এ বিষয়ে আলোচনা করেন।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনি হুথি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মিসরের পার্লামেন্টের এ অনুমোদন এলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়