
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখেই সরকার সংবিধান সংস্কারসহ জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে কাজ করছে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন বলে মনে করছে সরকার।
জানা গেছে, গত বছরের ১৩ নভেম্বর রাষ্ট্রপতি ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করে।
গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের অন্যতম বড় অঙ্গীকার ছিল সংবিধানের আমূল পরিবর্তন। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন করা হয়। তবে সনদের বাস্তবায়ন আদেশ অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় এ বিষয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী ১১ দলীয় জোট ১৫ মার্চের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
তবে বিএনপি বলছে, জাতীয় ঐকমত্য কমিশনে ‘নোট অব ডিসেন্ট’ বাদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ।
দলটির নেতারা জানান, নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পর্যায়ক্রমে ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন করা হবে। এ জন্য বিরোধী দলকে অহেতুক চাপ সৃষ্টি না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তারা।
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত শিরিষকাঠ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিভ্রান্তিকর আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়ে বিএনপি দেশ পরিচালনা করতে চায় না। জনআকাঙ্ক্ষা পূরণে নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি ধারা সাংবিধানিকভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
অন্যদিকে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষর বিএনপি ধারণ করে এবং তা বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও জানান, জুলাই সনদের প্রতিশ্রুতির পাশাপাশি জনগণের ম্যান্ডেট নিয়ে প্রণীত বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।