৫৪ বছরে শাসক বদলালেও জনগণের ভাগ্য বদলায়নি: মামুনুল হক

ফানাম নিউজ
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাঁর অভিযোগ, স্বাধীনতার আগে বিদেশিরা এ দেশ লুটপাট করেছে, আর স্বাধীনতার পর দেশের শাসকেরা লুটপাট করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে তুলেছে, যা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১–দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সকাল ৯টায় শুরু হওয়া এ সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য তুলে ধরা হয়।

মামুনুল হক বলেন, ‘২৪–এর পর মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যারা তার সম্মান জানাতে পারেনি, আগামী নির্বাচনে জনগণ তাদের গ্রহণ করবে না।’ তিনি দাবি করেন, বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি, লুটপাট ও ‘গোলামি’ বিদায় জানাতে জনগণ আজ ঐক্যবদ্ধ।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ–না’র নাটক বন্ধ করতে হবে। যারা শহীদদের রক্তের সম্মান করতে জানে না, দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয়।’ তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে ‘বিপ্লব’ ঘটিয়ে একটি ‘সোনার বাংলাদেশ’ গড়ে তোলা হবে।

সমাবেশে মামুনুল হক নাহিদ ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাঁকে ভোট না দিলে জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। তাঁর ভাষ্য, জুলাইয়ের আন্দোলনকারীরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি থেকে দুর্নীতি ও লুটপাট দূর করতে হবে।

জুলাই সনদ নিয়ে যারা ‘হ্যাঁ–না’ বিতর্ক করছেন, তারা জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়