
দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো পাঁয়তারা এবং সীমান্তের ওপার থেকে আসা উসকানি ও অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামি'আ হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করছেন। এ সময় খতমে নবুওয়াত সম্মেলনের দাবিগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোর আওতায় এনে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
সম্মেলনে বিগত ১৬-১৭ বছর নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনের সমালোচনা করে মন্ত্রী জানান, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং এর সুষ্ঠু বিচার হবে।
চলমান পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি এবং থানা, হাসপাতাল ও বাড়িঘরে অগ্নিসংযোগের উসকানি দেওয়া হচ্ছে।
সরকার ইতিমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে উল্লেখ করে তিনি আরও জানান, নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে এবং আইনানুগ পন্থায় তাদের মোকাবিলা করা হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, শাপলা চত্বরে পতিত আওয়ামী লীগ সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন শেষ পর্যায়ে রয়েছে এবং এর বিচার হবে।
তিনি আরও বলেন, পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা তা আইনি প্রক্রিয়ায় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করব।
তিনি বলেন, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শিল্পাঞ্চলে অহেতুক উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে শ্রমিক ভাইদের ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আমরা মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছি।
কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তারা সেই অপশক্তি, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তাদের চিনি।
সম্মেলনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং মধুপুর মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।