
শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত সেঞ্চুরিও জেতাতে পারল না বাংলাদেশ ‘এ’ দলকে। এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দীপুর ১০৩ রানের ইনিংসের পরও ২৮ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা।
২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে নিয়ে চার বলের মধ্যে দুই উইকেট তুলে নেন রিপন মন্ডল। তাঁর শিকার হন দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেইন। ২১ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।
তবে এরপর ম্যাচের চিত্র পাল্টে দেন হাসান নওয়াজ ও শাহজাইব খান। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন তাঁরা। নওয়াজকে ৬২ রানে মোহাম্মদ রুবেল এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন। পরে দলীয় ১৫০ রানে শাহজাইবকে ৫০ রানে ফেরান রাকিবুল।
এরপর অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসাফের ৭৪ রানের জুটি পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। জয়ের জন্য ৯ রান বাকি থাকতে ৩৩ বলে ৪৪ রান করে আউট হন সামাদ। তবে ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইউসাফ। ৪৫.৩ ওভারে ৫ উইকেটে ২৩৩ রান করে পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের চাপে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। আলী রাজার জোড়া আঘাতে সাইফ হাসান ২ ও মাহমুদুল হাসান জয় ৯ রান করে ফিরে যান।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন শাহাদাত হোসেন দীপু। অঙ্কন ৪২ রান করে সুফিয়ান মুকিমের শিকার হন। পরের ওভারেই আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে ১১০ রান থেকে ১১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ধসে পড়ে দল।
এই ধাক্কা সামাল দিতে দীপুর সঙ্গে জুটি বাঁধেন এসএম মেহরব। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ৫২ রান। এরপর ২২ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। হাসান নওয়াজ ৪১তম ওভারে মেহরব ও মোহাম্মদ রুবেলকে ফিরিয়ে দেন। রাকিবুল হাসান ১০ রান করে আউট হন আহমেদ দানিয়ালের বলে।
একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান দীপু। শেষ ওভারে সেঞ্চুরির জন্য তাঁর প্রয়োজন ছিল পাঁচ রান। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান ২৪ বছর বয়সী এই ব্যাটার। ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। রিপন মন্ডল ১৯ রানে অপরাজিত ছিলেন। নির্ধারিত ৫০ ওভারের ইনিংস শেষে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে সুফিয়ান মুকিম তিনটি এবং আলী রাজা ও হাসান নওয়াজ দুটি করে উইকেট নেন।