রাজনৈতিক প্রতিহিংসায় জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল: শফিকুর রহমান

ফানাম নিউজ
  ২৯ নভেম্বর ২০২৬, ০০:২৬

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছর ধরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে তাঁরা প্রবেশ করতে পারেননি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। এমনকি শেষ মুহূর্তে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে চার দিনের মাথায় জনতার আন্দোলনের মুখে তৎকালীন সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

জনগণের গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পরিচালনা করা হলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। এতে দেশের কোনো কল্যাণ হবে না; বরং অতীতের ফ্যাসিবাদীরা সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সরকারকে জনগণের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

নির্বাচনের পরদিন থেকেই বর্তমান সরকারি দল অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করায় জনগণের মধ্যে নতুন করে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জামায়াতের শীর্ষ নেতাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দলের ১২ জন শীর্ষ নেতার বিরুদ্ধে অন্যায় ও মিথ্যা মামলা দিয়ে হত্যার আয়োজন করা হয়েছিল বলে তাঁরা মনে করেন। তাঁদের মধ্যে ১১ জন পর্যায়ক্রমে মারা গেছেন। কেউ ফাঁসিতে, আবার কেউ কারাগারে অবহেলা, অযত্ন ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন, লোকবল নিয়োগ ও কার্যক্রম শুরু করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সচিবালয় বন্ধ করে দেওয়া হয়েছে এবং লোকবল প্রত্যাহার করা হয়েছে। এটিকে জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতির লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা থাকলেও বর্তমানে সংবিধান সংশোধনের পথে হাঁটা হচ্ছে। সংস্কার ও সংশোধনের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হওয়া সংস্কারকে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ থাকা উচিত নয়। এ ক্ষেত্রে সংসদ ও আদালতের ক্ষমতার অবস্থান স্পষ্ট করার ওপর গুরুত্ব দেন তিনি।

সরকারের বিভিন্ন পর্যায়ে অনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালনের সমালোচনা করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের থাকার কথা থাকলেও বাস্তবে দলীয় নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তাঁর অভিযোগ, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে। পাশাপাশি দুর্নীতির বিভিন্ন ঘটনা আড়ালে ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আবার শ্রমিক বাঁচলেও শিল্প বাঁচবে। তাই শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও জীবনমান রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

তৈরি পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেন তিনি। প্রতিবেশী দেশের কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ জানান শফিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়