
রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৬ আগস্ট) ভোরে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
নিহতরা হলেন—নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২), কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহত দুজন হলেন পিকআপচালক নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙামাটি শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫)। তাঁরা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবু ফয়সল জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তাঁর মৃত্যু হয়। অপর দুই আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি জেনারেল হাসপাতাল ও মর্গ পরিদর্শন করেন। এ সময় তিনি নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের হাসপাতালে আনা হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার বিষয়টি জানা গেছে। তবে ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।