খুলনায় এক দিনে ৭ স্থানে গুলি, নিহত ১

ফানাম নিউজ
  ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯

খুলনা মহানগরীতে এক দিনেই সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। আব্দুল হালিম ঘের ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তিনি দেয়ানা উত্তর পাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কল্পতরু মার্কেটে অবস্থান করছিলেন আব্দুল হালিম। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরা দুই দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি তাঁর মাথা ও বুকে লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, আব্দুল হালিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে তাঁরা খবর পেয়েছেন। হুমা বাহিনীর সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন বলেও জানান তিনি। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার সোনালী জুট মিলস লিমিটেডের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানে গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যারম খেলার সময় খুলনার দিক থেকে মোটরসাইকেলে হেলমেট পরা তিন যুবক এসে খেলোয়াড়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। তবে এসব গুলিতে কেউ আহত হননি।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও পাঁচটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানার কাছাকাছি পালংকি নামে একটি রেস্টুরেন্টে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ দিন আগে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে আবারও ফোন করে চাঁদার টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে রেস্টুরেন্ট বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। পরে রাতেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন মালিকপক্ষ।

মঙ্গলবার দুপুরে পুলিশের উপস্থিতিতে রেস্টুরেন্টটি খোলা হয়। বিকেলে রাস্তার বিপরীত পাশ থেকে দুই দুর্বৃত্ত গুলি ছুড়ে পালিয়ে যায়।

এ ছাড়া রাত ৯টার দিকে লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে গুলি ও বাড়ির গেটে কোপানোর ঘটনা ঘটে। একই থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করেও গুলি চালায় দুর্বৃত্তরা।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কের একটি বাড়িতে গুলির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই সড়কের বাসিন্দা মো. আবু সাইদ বাড়ির বাইরে ঘুমিয়ে ছিলেন। এ সময় হেলমেট পরা চার ব্যক্তি বাড়ির নিচে অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে সাইদ ঘরে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে ঘরে ঢুকে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. রেজাউর রহমান বলেন, এসব ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়