‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানাতে’: টাইগারদের প্রধানমন্ত্রী

ফানাম নিউজ
  ১৬ আগস্ট ২০২৬, ১৩:১৮

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে যাওয়ার পথে বাসে বসেই ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল প্রধানমন্ত্রীকে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তানজিদ হাসান তামিমকে ‘বগুড়ার ছেলে’ হিসেবে পরিচয় করিয়ে দিলে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’

ভিডিও কলে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের শারীরিক অবস্থারও খোঁজ নেন। অস্ট্রেলিয়ার আবহাওয়া ও গরমের বিষয়ে জানতে চান তিনি।

ক্রিকেটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু ক্লান্তি হবে, এটা স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো?’

সবশেষে ক্রিকেটারদের সুস্থভাবে দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।’

অস্ট্রেলিয়ার মাটিতে ৯ উইকেটের এই ঐতিহাসিক জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করেছে। দলের এমন সাফল্যে দেশের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সরকারের শীর্ষ পর্যায় থেকেও এসেছে অভিনন্দন ও শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়