
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইন বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগও প্রভাবিত হচ্ছে। পাশাপাশি এ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
প্রধানমন্ত্রী সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।