আমরা প্রথম টার্গেট হলে পরবর্তী টার্গেট হতে পারে সরকার: নাহিদ ইসলাম

ফানাম নিউজ
  ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী শক্তি এতটাই নৃশংস যে, তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সরকারও। নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের অধিকার রক্ষায় নিজেদেরই পথ খুঁজে নিতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বক্তব্যে নাহিদ ইসলাম এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন। এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তিনি প্রশ্নোত্তর পর্বের আগে সুযোগ চান। তবে স্পিকার তাঁকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর বক্তব্য দেওয়ার প্রস্তাব দেন। এতে আপত্তি জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, তা তাঁরা জানেন। তাঁরা সরকারের জবাব প্রত্যাশা করছেন না, বরং নিজেদের বক্তব্য তুলে ধরতে চান। কথা বলার সুযোগ না দিলে অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের বিবরণ দিয়ে নাহিদ ইসলাম বলেন, রাত আনুমানিক ১২টার দিকে ওই বাড়িতে আগুন দেওয়া হয় এবং চারটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয়ে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুপুরে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ঘটনাস্থলে ফরেনসিক দল যায়নি। অথচ এর আগেই ওসি জানিয়ে দিয়েছেন, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

এ সময় দুই দিন আগে শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার বিষয়টিও সংসদে তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, হামলার ৪৮ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে। বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলতেই তিনি সংসদে বক্তব্য দিতে এসেছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, নিজেদের মানবাধিকার সুরক্ষিত না থাকলে এবং সরকার শত্রুর মানবাধিকার নিয়ে বেশি উদ্বিগ্ন থাকলে নিজেদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় নিজেদেরই পথ খুঁজে নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়