
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা বিস্ফোরণ বা নাশকতার সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সরকার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। ইতোমধ্যে আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। টিনশেড আধা-পাকা ওই বাড়িতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর বাবা-মা তিনতলা একটি ভবনে থাকেন।
আগুন লাগার খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার ও বিজিবির সদস্যরা।
তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলা এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার চিহ্ন পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।
তিনি আরও বলেন, বাড়িটি পুরোনো এবং বৈদ্যুতিক সংযোগের তারের অবস্থা দুর্বল ছিল। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাড়িটিতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, অধিকতর তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া গেলে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা নিশ্চিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।