শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম

ফানাম নিউজ
  ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। সরবরাহ বাড়ার পাশাপাশি বাজারে চাহিদা থাকায় কমতে শুরু করেছে বিভিন্ন সবজির দাম। একই সঙ্গে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। তবে মাছের বাজার এখনো চড়া।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলুর দাম কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকায় নেমেছে। পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। কাঁচা মরিচের দামও কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে। টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

সবজি বিক্রেতা ইমরান বলেন, বাজারে শীতের নতুন সবজি আসতে শুরু করেছে। সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে।

আরেক বিক্রেতা মিন্টু শেখ বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি আসা শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে। তখন দাম আরও কমতে পারে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে।

এদিকে মুরগির বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে তা ১৭০ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। লেয়ার মুরগির দাম রয়েছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি।

ফার্মের বাদামি ডিমের দামও ডজনে ১০ টাকা কমেছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

তবে মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। গত সপ্তাহের মতোই আকারভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। এ ছাড়া তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা এবং পাপদা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়