
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) সংসদ অধিবেশনের বিরতিকালে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব পরামর্শ দেন।
পরিদর্শনকারী দলের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। প্রথমত, পরিচ্ছন্নতা বজায় রাখা। নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি।
দ্বিতীয়ত, বৃক্ষরোপণ। বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ। পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তাঁরা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।