সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, আদালতের নির্দেশে মুক্তি

ফানাম নিউজ
  ১৫ নভেম্বর ২০২৬, ২৩:১৭

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবককে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় তার গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন মুম্বাইয়ের বান্দ্রা আদালত।

গত শনিবার (১৪ নভেম্বর) আদালতে হাজির করার পর শুনানি শেষে এ নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

অভিযুক্ত যুবকের নাম আরিয়ান দীপক জৈন। তিনি দিল্লির বাসিন্দা। গত ১৩ নভেম্বর সোনাক্ষী সিনহা এ ঘটনায় বান্দ্রা থানায় অভিযোগ করেন। অভিনেত্রীর অভিযোগ, দিল্লির ওই ব্যক্তি সামাজিক মাধ্যমে তার বিকৃত ছবি ছড়িয়ে দিয়েছেন।

অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল ১০টা ১১ মিনিটে দিল্লির শাহদারার জগৎপুরী থানা-সংশ্লিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে মুম্বাইয়ে এনে বান্দ্রা আদালতে হাজির করে পুলিশ।

শুনানিতে পুলিশ অভিযুক্তকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশের দাবি, অভিনেত্রীর অশ্লীল ছবি তৈরিতে কোন মাধ্যম বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করা প্রয়োজন। এ ছাড়া ঘটনার আরও তদন্ত করতে হবে।

তবে অভিযুক্তের আইনজীবী পুলিশের আবেদনের বিরোধিতা করেন। তাদের দাবি, গ্রেপ্তারের আগে অভিযুক্তকে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং গ্রেপ্তারের কারণও জানানো হয়নি। তাকে গোপনে বিমানে করে দিল্লি থেকে মুম্বাইয়ে আনা হয়েছে।

আইনজীবীরা আরও বলেন, আইন অনুযায়ী, অন্য রাজ্যে কাউকে গ্রেপ্তার করা হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করার নিয়ম রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। অভিনেত্রীর প্রভাবের কারণে পুলিশ তাড়াহুড়ো করে এমন পদক্ষেপ নিয়েছে বলেও অভিযোগ করেন তারা।

আদালত পর্যবেক্ষণে জানায়, অভিযুক্তকে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির না করেই সরাসরি মুম্বাইয়ে আনা হয়েছে। কেন আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সে বিষয়ে তদন্তকারী সংস্থা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

আদালত আরও জানায়, শুধু তদন্তের প্রয়োজনের কথা বলে কাউকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা যায় না। বিশেষ করে গ্রেপ্তারের ক্ষেত্রে আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

এসব কারণ বিবেচনায় অভিযুক্ত আরিয়ান দীপক জৈনের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তির নির্দেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়