
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করা তরুণ প্রজন্ম দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা বেঁচে থাকতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস করা হবে না।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। কিন্তু প্রতিবারই লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্টও এর প্রমাণ পাওয়া গেছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১ হাজার ৪০০ তরুণ-তরুণীর রক্ত ও জীবনের বিনিময়ে জুলাই এসেছে। অতীতের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসানের আকাঙ্ক্ষা নিয়ে তরুণেরা রাজপথে নেমেছিলেন। তাদের আন্দোলনের অন্যতম দাবি ছিল রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়ে জুলাই সনদ প্রণয়ন করেছে। ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারের জন্য দুটি নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল। বর্তমান সরকারি দল একটি সিদ্ধান্ত মেনেছে, অন্যটি মানেনি। এর মধ্য দিয়ে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জাতির সামনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় অগ্রাহ্য করা হলে তা জনগণের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল হবে।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, এটি একটি ভাইরাস। যার মধ্যে এর লক্ষণ দেখা যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে। বর্তমান সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে চান না জানিয়ে তিনি বলেন, তবে সরকারের মধ্যে এ ভাইরাসের অনেক লক্ষণ দেখা যাচ্ছে।
দেশে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদকের বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একসময় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব শহরকেন্দ্রিক থাকলেও এখন তা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতির জন্য সমাজব্যবস্থা ও রাজনৈতিক স্বার্থে অপরাধকে প্রশ্রয় দেওয়ার প্রবণতাকে দায়ী করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারি ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে অযোগ্য ব্যক্তিদের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হচ্ছে। দলীয় আনুগত্য ও নেতাদের তোষামোদ করাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতেও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সমাজের সর্বস্তরে অসৎ নেতৃত্ব সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে সামাজিক সুবিচার নিশ্চিত করা সম্ভব নয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোট ডাকাত, ষড়যন্ত্রকারী বা ভোট কারচুপির সঙ্গে জড়িত ব্যক্তিকে সহযোগিতা করা হবে না।
যুবসমাজকে রক্ষায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিপথগামী হয়েছে, তাদের বুকে টেনে নিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। শুধু দলীয় লোকজনের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সমাজের সব তরুণকে কল্যাণ ও ন্যায়ের পথে যুক্ত করতে হবে।
ডিসেম্বর মাসের কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাসজুড়ে জামায়াতের বেশ কিছু কর্মসূচি থাকবে। এসব কর্মসূচিতে সর্বশক্তি নিয়ে অংশ নিতে হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।